মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসা নিশ্চিত করতে সায়েদাবাদ বাস টার্মিনালে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ঢাকা মেট্রো-২ সার্কেলের তত্ত্বাবধানে গঠিত ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ, যাত্রী হয়রানি বন্ধ এবং নির্ধারিত ভাড়া বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী। মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান।
ভিজিলেন্স টিম সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করে পরিবহন সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করছে। পাশাপাশি টার্মিনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাড়া চার্ট টানানো হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হচ্ছে।
এছাড়া প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং বাস মালিক ও পরিবহন কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, গত ২১ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান রয়েছে এবং ঈদযাত্রা স্বাভাবিক ও যাত্রীবান্ধব রাখতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।