মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক ওমান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান। তিনি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
২২ মে শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থেকে মোটরসাইকেলযোগে ফটিকছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান রায়হান। শুক্রবার সেখান থেকে বাড়ি ফেরার পথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের একজন তরুণ ছিলেন। পরিবারের দায়িত্ব পালনে দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়েছেন তিনি।
এদিকে রায়হানের চাচাতো ভাই আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের পাশে দাঁড়ানো এক তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।