মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে ওএমএস (ওপেন মার্কেট সেল) পণ্য বিতরণের সময় এক ডিলারের নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার বনমালা রোডে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী ওএমএস ডিলার আব্দুল হক জানান, ‘তামিম জেনারেল স্টোর’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠানে লিটন মিয়া নামে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। তিনি দাবি করেন, চাহিদামতো টাকা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ওএমএস কার্যক্রম খাদ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং কোনো অনিয়ম থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সমস্যার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করতেন এবং নিয়মিত অর্থ দাবি করতেন। ইতোমধ্যে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ‘তেল খরচ’ ও ‘লাঞ্চ খরচ’ বাবদও অর্থ দাবি করা হতো।
ঘটনার দিন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যান বলে জানান ডিলার।
এ বিষয়ে অভিযুক্ত লিটন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী আব্দুল হক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।