মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ঐতিহ্যবাহী মাওয়া বাজার বর্তমানে ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাজারজুড়ে পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে মাছের বাজার হাঁটুপানি জমে থাকায় ক্রেতারা বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে মাছ ব্যবসায়ীরা প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন।
মাছ ব্যবসায়ীরা জানান, এই বাজারটি প্রায় ৬০ বছর ধরে চলছে। কিন্তু এখন জলাবদ্ধতার কারণে আমরা ব্যবসা করতে পারছি না। ক্রেতারা আসে না, মাছ বিক্রি হয় না। প্রতিদিনই ক্ষতির মুখে পড়ছি।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম আসলে বাজারের চিত্র আরও করুণ হয়ে পড়ে। ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে, মেঝেতে পানি জমে থাকে। সঠিক নালা বা ড্রেন না থাকায় পানি নিষ্কাশন সম্ভব হয় না। এর ফলে বাজার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ছে।
বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, লৌহজং উপজেলার বেশ কয়েকটি বাজার আধুনিকতার ছোঁয়া পেলেও ঐতিহাসিক মাওয়া বাজার আজও অবহেলিত। বছরের পর বছর ধরে সমস্যার কথা বলেও কোনো ফল মেলেনি।
ব্যবসায়ী ও স্থানীয়রা জরুরি ভিত্তিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন-জলাবদ্ধতা থেকে আমাদের রক্ষা করুন