পঞ্চগড়ের বোদা উপজেলায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও এলজিইডি’র উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, আধুনিক প্রশাসনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান। তিনি জানান, নতুন সম্প্রসারিত ভবন নির্মাণের ফলে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনগণ আধুনিক পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ভবন উপজেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এদিকে একই অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ এমপি।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের সফলতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ কামনা করা হয়।