
কিশোরগঞ্জের নিকলীতে টানা অতিবর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের বোরো চাষিদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাওরের তলিয়ে যাওয়া ফসল দেখে দিশেহারা কৃষকদের সান্ত্বনা দিতে তিনি মাঠে নামেন।
সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের একমাত্র স্বপ্ন বোরো ধান। সারা বছরের খোরাকি জোগানো এই ফসল হারিয়ে অনেক কৃষক এখন নিঃস্ব হওয়ার পথে। একদিকে শ্রমিক সংকটের কারণে মজুরি আকাশচুম্বী, অন্যদিকে প্রকৃতির রুদ্ররোষ—সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এমন সংকটময় মুহূর্তে স্থানীয় সংসদ সদস্যকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক কৃষক।
সিংপুর ইউনিয়নের কৃষক মুরাদ হোসেন বলেন, “এমপি ইকবাল সাহেব সবসময়ই গরিব-দুঃখী মানুষের খোঁজখবর রাখেন। এই বিপদের সময় তিনি আমাদের দেখতে এসেছেন, এতে আমরা অনেক সাহস পেয়েছি। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।” এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রীও বিতরণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাকে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, সরকারিভাবে যাতে কৃষকরা দ্রুত সহায়তা পায় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোকারম সর্দার, সাবেক কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া ও উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন— নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অল কাইয়ুম, সাবেক কৃষক দল সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবদুল মান্নান ও যুবদল নেতা নজরুল ইসলাম তালুকদারসহ নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।