সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে মারধর করে দুই শিশু সন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া এবং তার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে নিখোঁজ করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ নূপুর আক্তার (২৫) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জামগড়া মীরবাড়ী এলাকার বাসিন্দা মোঃ জামান মীর (৫৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নূপুর আক্তারের সংসারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে আসছিল। গত ২২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা ওই গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী জানান, ঠিক সেই মুহূর্তে তার স্বামী হিমেল মীর (২৫) বাইরে থেকে বাসায় ফিরলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ওই গৃহবধূকে তার দুই অবুঝ সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রাণভয়ে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা তার স্বামীকে সমাজ ও পরিবারের কাছে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন অপবাদ দিচ্ছে এবং তার স্বামীর জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এই বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।