শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ ধীরে ধীরে বাড়লেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এখনো স্বস্তিদায়ক পরিস্থিতিই বিরাজ করছে। মাওয়া টোলপ্লাজায় সামান্য যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল আদায়ের কারণে কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।মঙ্গলবার সকালে সরেজমিনে মাওয়া টোলপ্লাজা এলাকায় দেখা যায়, দক্ষিণবঙ্গমুখী গাড়ির সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে টোল বুথে অল্প সময়ের জন্য লাইন তৈরি হলেও তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে সেতু পার হতে দেখা গেছে।সকাল থেকেই পদ্মা সেতু হয়ে বাড়ির পথে ছুটছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রীরা স্বস্তির সঙ্গে গন্তব্যে এগিয়ে যাচ্ছেন।মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হক জিয়া জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে বাড়ি ফিরছেন, ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না।এদিকে, সোমবার সন্ধ্যায় মাওয়া টোলপ্লাজা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন মহাসড়কের প্রায় ২৬০টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।মন্ত্রী আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।ঈদের আগে ও পরে মোট আট দিন সড়কে সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন—যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের ভোগান্তির আশঙ্কা নেই।