চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করা এবং তাদের কাছে দ্রুত ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। তিনি বলেন, “পানি নেমে যাওয়ার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যেসব কৃষকের কৃষিজমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও পুনর্বাসনের আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়াতে পারেন।”
বিএনপির এই নেতা বলেন, দুর্যোগের এ সংকটময় সময়ে মানবিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এনজিওগুলোর প্রতি ক্ষতিগ্রস্ত এলাকার ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাহেদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং