বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষামূলক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এই কমিটির অনুমোদন প্রদান করেন।
গত ২৯ জুন ২০২৬ তারিখে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক এর আবেদনের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ৬৪(১) নং ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই এ্যাডহক কমিটির মেয়াদ ২৯ জুন ২০২৬ থেকে শুরু করে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৬ মাস কার্যকর থাকবে।
অনুমোদিত চার সদস্যের এই কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রুহুল আমিন। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য হিসেবে মাকসুদা বেগম এবং জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শহিদুল ইসলাম। পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক ।