মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও চাঁদা উত্তোলনের প্রতিবাদ করায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে টঙ্গীর ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজিজ, যুবলীগ নেতা শাহ আলম, ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ লিটন, ছাত্রলীগ সদস্য রাজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী ৫২ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মোঃ শুক্কুর আলী জানান, দীর্ঘদিন ধরে মুদাফা এলাকার মিম ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন সরকারি জমিতে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে প্রতিটি দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকা অগ্রিম (এডভান্স) নেওয়া হয়। পাশাপাশি দোকানগুলোর কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও অভিযুক্তরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ ও চাঁদা উত্তোলনের খবর পেয়ে ছাত্রদল নেতা শুক্কুর আলী, ৫২ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদ, যুবদল নেতা শেখ ফরিদ এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য শাহিন ঘটনাস্থলে যান। এ সময় তারা অভিযুক্তদের চাঁদা উত্তোলন বন্ধ এবং সরকারি রাস্তার ওপর নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে শুক্কুর আলীর বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় যুবদল নেতা শেখ ফরিদের ডান হাতেও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগকারী শুক্কুর আলী দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।