মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঢাকা জেলার ধামরাই ও সাভার এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা, ২৫০ পুরিয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধামরাইয়ের খোলামোড়া এলাকা থেকে কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এছাড়া সাভারের শোভাপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাজাহান ওরফে শারজাহান (২৯) ও মো. আরিফ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অপরদিকে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকা থেকে মো. আবু তাহের (২৭) এবং ঘোড়াকান্দা এলাকা থেকে মো. মনির হোসেন (৪০) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে পৃথক অভিযানে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।