মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত সোমবার (৮ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. খোকন (২৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যার ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে। এছাড়া তার হেফাজত থেকে এক রাউন্ড রিভলবারের গুলিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫৫, তারিখ ৯ জুন ২০২৬। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।