১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী সমমানের পদে বি.এস.সি ইঞ্জিনিয়ারদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে সারা দেশের ন্যায় দিনাজপুরেও আন্দোলন অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মিনারুল ইসলাম খান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ. আই. মিজানুর রহমান, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রান, নির্বাহী সদস্য মোস্তফা কামাল সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ডিপ্লোমা প্রকৌশলীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করে কোনোভাবেই ৩০ শতাংশ কোটা বাস্তবায়ন করা যাবে না। অবিলম্বে এই বৈষম্যমূলক প্রস্তাব বাতিল না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা প্রশাসক কার্যালয় এলাকা।