মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ কনটেন্ট ভিডিওকে কেন্দ্র করে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে শওকত হোসেন সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শওকত হোসেন সরকার বলেন, “আমার রাজনৈতিক অবস্থান ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি যেন সত্য প্রকাশ পায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে কাউকে হেয় করার প্রবণতা গণতন্ত্র ও সমাজের জন্য বিপজ্জনক। আমি চাই, এই ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সবাই সচেতন হোক।”
মামলাটি গাজীপুরের একটি আদালতে দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।