মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

এ বি অপু:
দেশজুড়ে ছড়িয়ে থাকা অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কে সক্রিয়ভাবে জড়িত এক হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে শনাক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এজেন্টদের বিরুদ্ধে অনলাইন জুয়ার টাকা লেনদেনের অভিযোগ উঠেছে, যা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ মে) রাতে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, এসব এমএফএস এজেন্ট বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করছিলেন। তাদের মোবাইল নম্বর ও আর্থিক লেনদেনের বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
সিআইডি বলছে, অনেক সময় এই এজেন্টদের মাধ্যমে জুয়ার টাকা গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং পরে তা মূল হোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এটি একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে এমএফএস এজেন্টরা মুখ্য ভূমিকা পালন করছেন।
সংস্থাটি জানিয়েছে, এসব এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সিআইডি।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “অনলাইন জুয়া এখন একটি সংঘবদ্ধ ডিজিটাল অপরাধে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রযুক্তিনির্ভর তদন্ত জোরদার করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি অনলাইনভিত্তিক জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজ এর কবলে পড়ছে বেশি। এই প্রবণতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।