গাজীপুরের কাশিমপুরে ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি নিটিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত।
শুক্রবার গভীর রাতে কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতের কোনো একসময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে নিরাপত্তাকর্মীসহ কারখানায় থাকা পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।
এরপর কারখানার গেটের তালা কেটে ভেতরে থাকা বিপুল পরিমাণ সুতা ও নগদ টাকা নিয়ে যায় তারা। ডাকাতরা প্রায় ৭ হাজার ৩৫০ কেজি সুতা, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা, এবং নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কাশিমপুর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।
কাশিমপুর মেট্রো থানা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।