মাদক নির্মূলে কঠোর অবস্থানে দোহার উপজেলা প্রশাসন। আজ দোহার উপজেলা প্রশাসনের নেতৃত্বে রাইপাড়া ও বিলাসপুর ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে দোহারের দুই পরিচিত শীর্ষ মাদক ব্যবসায়ী সাগর ও বাহাদুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানকালে উভয়ের বাড়ি থেকেই ইয়াবা ও হেরোইন ব্যবসা পরিচালনার আলামত জব্দ করা হয়। পাশাপাশি বিলাসপুর এলাকা থেকে গাঁজা এবং অপরাধের প্রমাণ হিসেবে সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়।
অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
যৌথ এই অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সহায়তা করে *দোহার থানা পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর*।
অভিযান শেষে উপস্থিত কর্মকর্তারা জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে।