দিনাজপুরের খানসামায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় দুইজনকে আটক করেছে খানসামা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক ও এটিএম কার্ডসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
(২২ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা থানাধীন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং সদর থানার বাংরোট গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (৪৫)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়্যারলেস সেট, একটি realme C67 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন—একটি কালো রঙের itel it2171 এবং অপরটি স্কাই ব্লু রঙের itel it2165—জব্দ করা হয়।
এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকা উল্লেখিত ও স্বাক্ষরিত একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড, একটি কালো রঙের MAX ব্র্যান্ডের স্কুল ব্যাগ এবং কালো-লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় খানসামা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।