নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আকাশ৷ ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা। পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।
পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে কুপিয়ে ফেলে গেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সন্দেহজনকভাবে একই গ্রামের মামুন নামে একজনকে আটক করা হয়েছে।