তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে ছাত্রদলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা গেলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তারা আরও বলেন, ছাত্রদলকে কেবল দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও তাদের যৌক্তিক দাবি আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মীসভায় কলমাকান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে নেত্রকোনা জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের পাশাপাশি কলমাকান্দা সরকারি কলেজ শাখা এবং উপজেলার আটটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।