কাউন্সিলর নির্বাচিত হলে নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার
ঢাকা-১৮ আসনের ১ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ডে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. মিলন মিয়া। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে তিনি বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবেন।
মিলন মিয়া বলেন, জনগণের সেবা করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে চান। জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “জনগণ আমাকে সুযোগ দিলে ১ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—ওয়ার্ডের প্রতিটি মানুষের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ওয়ার্ডের যেসব এলাকায় দীর্ঘদিন ধরে নাগরিক দুর্ভোগ রয়েছে, সেসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন মিলন মিয়া।
মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখার কথা জানান তিনি। তরুণদের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সামাজিক পরিবেশ তৈরিতে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি।
মিলন মিয়া আরও বলেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের কথা শোনা, তাদের সমস্যা জানা এবং সেই সমস্যা সমাধানে পাশে থাকা। তাই নির্বাচিত হলে দল-মত, শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ১ নম্বর ওয়ার্ডের সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করবেন তিনি।
তিনি বলেন, “আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবার জন্য। জনগণের সঙ্গে নিয়েই উন্নয়নের পরিকল্পনা করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ১ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যে-ই জনপ্রতিনিধি নির্বাচিত হোন, তিনি যেন এলাকার নাগরিক সমস্যা দ্রুত সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করেন। নাগরিকদের সেই প্রত্যাশাকে সামনে রেখে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে রয়েছেন উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. মিলন মিয়া।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন মিলন মিয়া। তার বক্তব্যে নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পরিবেশ এবং জনগণের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
জনগণের আস্থা অর্জন করে নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ডে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি।