গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের বাবা ও কথিত মাদক ব্যবসায়ী মোঃ চাঁন মিয়া কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ধানগড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার পলাতক আসামি মোঃ চাঁন মিয়ার বসতবাড়িতে মাদক বিক্রির পরিকল্পনার অভিযোগে তার দুই ছেলে মোঃ মিষ্টি ঔ মিয়া (৩২) ও মোঃ মিথুন মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় চাঁন মিয়া কৌশলে বাড়ির দেয়াল টপকে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মিষ্টি ঔ মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার প্যান্টের সামনের বাম পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাই মোঃ মিষ্টি ঔ মিয়া ও মোঃ মিথুন মিয়া এবং পলাতক মোঃ চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৯ আগস্ট ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।