সাভারের হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ২টি হ্যান্ডকাপ ও ১টি ওয়াকিটকিসেটসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’কে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাতে র্যাব-৪ ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তার আব্দুল হাকিম জোমাদ্দার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। চক্রটি বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে র্যাবের দাবি।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র্যাবের তথ্য অনুযায়ী, আব্দুল হাকিম জোমাদ্দার প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এবং ২৩ দিন আগে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির অধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।