নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বগারদী চৌরাস্তা এলাকায় অবস্থিত বৈশাখী বেলা লিমিটেড পার্কে ভাঙচুর, লুটপাট এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে
পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, নুরুল হক, মজিবুর রহমান, জাকির হোসেন, কবির হোসেন, আলফাজ উদ্দিন, মন্নান মিয়া, আবু তুরাব, নিলয়সহ আরও কয়েকজন পার্কের কর্মচারীদের জিম্মি করে পার্কে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন মালামাল ভাঙচুর, কিছু জিনিসপত্র লুটপাট এবং পার্কের নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পার্ক কর্তৃপক্ষ।
পার্কের চেয়ারম্যান হাবিবুর রহমান রঙ্গু বলেন, অভিযুক্তরা তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা পার্কে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিযুক্ত নুরুল হক চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তারা কোনো চাঁদা দাবি করেননি; বরং নিজেদের জমির ভাড়া বা পাওনা দাবি করতে সেখানে গিয়েছিলেন। তবে পার্কে ভাঙচুরের অভিযোগের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”