টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকে পড়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পর্যন্ত ট্রেনটি একই স্থানে দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। ফলে কবে নাগাদ ট্রেনটি আবার যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো যাচ্ছে না।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। তবে কিছু দূর এগোতেই রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
ষোলশহর স্টেশনের পরবর্তী জানালিহাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, প্রবল বর্ষণে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা ট্রেনে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
তিনি আরও বলেন, সকালে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস একই লাইন দিয়ে নিরাপদে চলাচল করলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। এতে রেললাইনের ওপর পানি জমে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
রেলওয়ের তথ্যমতে, পর্যটক এক্সপ্রেসের বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনটি চট্টগ্রামেই আটকে রয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে নিরাপত্তা নিশ্চিত করে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।