শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ নগরীতে মাদক,ছিনতাই ও কিশোর গ্যাং কার্যক্রম দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। সম্প্রতি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত এই অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়,
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার -এর নির্দেশনায় ডিবি দক্ষিণের ওসি এবং ডিবি উত্তরের ওসি -এর নেতৃত্বে নগরীর সানকিপাড়া,নাসিরাবাদ কলেজ এলাকা,চুকাইতলা,আকুয়া ও কৃষ্টপুরসহ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল জোরদার,সন্দেহভাজনদের নজরদারি এবং তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসা,ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় অপরাধের প্রভাব থাকলেও সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয়তায় পরিস্থিতির উন্নতি লক্ষ করা যাচ্ছে। নিয়মিত অভিযান ও উপস্থিতির কারণে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং তারা অনেকটাই গা ঢাকা দিতে শুরু করেছে। পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে,জেলা গোয়েন্দা শাখা দীর্ঘদিন নেতৃত্ব সংকটে থাকলেও নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় কার্যক্রমে গতি এসেছে। অপরাধ দমনে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার পাশাপাশি আধুনিক গোয়েন্দা কৌশল প্রয়োগ করা হচ্ছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল। তাদের মতে,অপরাধ নির্মূলে শুধু অভিযান নয়,নিয়মিত নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, “অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক,ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সর্বোপরি,ডিবি পুলিশের এই সক্রিয়তা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের প্রত্যাশা—এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকুক এবং ময়মনসিংহ হয়ে উঠুক নিরাপদ ও অপরাধমুক্ত নগরী।