শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আশুলিয়া থানা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের ‘পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংবাদিক সমাজ আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় বক্তারা সমাজের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্যস্ততার বাইরে এসে দীর্ঘ দিন পর সহকর্মীদের সাথে একত্রিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, পেশাগত বিষয়ের ওপর মতবিনিময়, আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজসহ নানাবিধ আনন্দঘন আয়োজন।
আশুলিয়া থানা প্রেস ক্লাবের আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং পেশাগত মানোন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের নানামুখী ও কল্যাণকর কার্যক্রম অব্যাহত থাকবে।