
গাজীপুরের টঙ্গীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের থানা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল মাঠে থানা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
খেলাটি দেখতে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,যুবদল নেতা আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান,টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সুদৃঢ় হয়। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।