
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই স্লোগানে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ২ মে বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতেই এই উদ্যোগ।