
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। একাধিক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে ওই ইউনিয়নের কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।
এছাড়াও বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকার গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এসব সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া, রংপুরের বাস্তবায়নে সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন, “অনেকে মনে করেছিল এখানে উন্নয়ন হবে না। আমরা কাজের মাধ্যমেই সেই ধারণার জবাব দিতে চাই।”
সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, “গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের জীবনমান আরও সহজ হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন আমির সামিউল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।