শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার কুর্শা পশ্চিম পাড়া ও বন্দের বাড়ী এলাকায় পৃথক এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় বর্তমানে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি পাগলা কুকুর লোকালয়ে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড়ে আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ কুকুরের এমন উপদ্রবে তারা সন্তানদের বাইরে বের করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে কুর্শা পশ্চিম পাড়া ও বন্দের বাড়ী এলাকায় পথচারীরা চলাচলের সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।