
নীলফামারীর ডিমলা উপজেলায় সিংহারা নদীর সীমানা নির্ধারণে পিলার স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দখল ও বিরোধ নিরসনে এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অমিতাভ চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপবিভাগীয় প্রকৌশলী সালামত ফকির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন, সিংহারা নদীর সীমানা নির্ধারণের মাধ্যমে অবৈধ দখল রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প। এর ফলে নদী তীরবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
স্থানীয়দের প্রত্যাশা—এই উদ্যোগের মাধ্যমে সিংহারা নদী ফিরে পাবে তার স্বাভাবিক রূপ, আর বন্ধ হবে দীর্ঘদিনের দখলদারিত্ব।