শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানে বেশ কিছু এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হলেও, অভিযোগ উঠেছে—এ অভিযান ছিল আংশিক এবং বাছাই করা।
স্থানীয়দের দাবি, উত্তরা হাউজ বিল্ডিং ৮ নম্বর সেক্টরের ট্রাফিক পুলিশ বক্সের পূর্ব পাশে, পুলিশ কোয়ার্টারের সামনে এবং স্টাফ কোয়ার্টারের সামনে এখনো ফুটপাত দখলমুক্ত হয়নি। এসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসছে প্রভাবশালী দখলদাররা, অথচ উচ্ছেদ অভিযানে এসব স্থান রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।
এদিকে, আব্দুল্লাহপুর ভেরিবাঁধ সংলগ্ন সড়কের দুই পাশের ফুটপাত ও পানি উন্নয়ন বোর্ডের জমিও দখলমুক্ত হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অধীনস্থ এসব জমি দীর্ঘদিন ধরে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, চায়ের স্টল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ভুক্তভোগী পথচারীরা জানান, ফুটপাত দখল হয়ে থাকায় তাদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে।
সচেতন মহল বলছে, উচ্ছেদ অভিযান যদি সমন্বিত ও নিরপেক্ষভাবে পরিচালিত না হয়, তবে এর সুফল দীর্ঘস্থায়ী হবে না। তারা দ্রুত এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সকল এলাকায় সমানভাবে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী, যাতে উত্তরার সব ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।