দেশব্যাপী পেট্রোল, ডিজেল ও অকটেন তেলের তীব্র সংকটের মধ্যে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাতেও একই চিত্র দেখা যাচ্ছে। এ বিষয়ে বুধবার (৩এপ্রিল) জাতীয় সংসদে কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এরই ধারাবাহিকতায় বিকেল সাড়ে ৩টায় দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় অবস্থিত ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
অভিযানকালে পাম্পে “তেল নাই” লেখা সাইনবোর্ড টানানো থাকলেও ট্যাংকি খুলে দেখা যায়, সেখানে প্রায় ৯০০ লিটার অকটেন এবং ১৪০০ লিটার ডিজেল মজুদ রয়েছে। এ সময় অনেক মোটরসাইকেল আরোহীকে তেল না পেয়ে ফিরে যেতে দেখা যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং এসআই বাঁধনসহ পুলিশের সদস্যরা।
জানা গেছে, বিএসটিআই বা পেট্রোলিয়াম আইনে ট্যাংকিতে এভাবে তেল মজুদ রাখার নির্দিষ্ট কোনো সরকারি বিধান নেই। তবে ঘটনাস্থলে তেল মজুদ পাওয়া গেলেও ফিলিং স্টেশনটির বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো জরিমানা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার বশির আহমেদ জানান, ট্যাংকির নিচে সবসময় কিছু তেল থাকে, যা উত্তোলন করলে এর সঙ্গে ময়লা ও বাতাস মিশে যায় এবং তা যানবাহনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই তেল গ্রাহকদের দেওয়া হয় না।
অন্যদিকে, একইদিন বিকেলে ফিলিং স্টেশনের পাশেই অবস্থিত সোহেল ট্রেডার্স-এ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, “তেল সংকট দেখিয়ে কোথাও মজুদ রাখা হচ্ছে কি না তা যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়েছে। পাম্পে ট্যাংকির নিচে থাকা তেল পাওয়া গেছে, যা ময়লাযুক্ত বলে পাম্প কর্তৃপক্ষ দাবি করেছে। তবে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”