
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাঁকড়া (মৃত্যু আব্দুল মান্নান চেয়ারম্যান পাড়া) এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ভাঙনের কারণে ঝুঁকির মুখে ছিল। বর্ষা মৌসুম এলেই নদীর তীব্র স্রোতে রাস্তার বড় অংশ ও আশপাশের আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেত। ফলে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ দেখা দিত।
এ বিষয়ে স্থানীয়দের পাশাপাশি সাংবাদিক মোহাম্মদ আলী সানু একাধিকবার সংবাদ প্রকাশ করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে করে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।