
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি এলাকায় হাবিবুরের বাড়ির পাশে মোল্লার বাজার গাইড বাঁধ সংলগ্ন স্থানে ১১.৫ মিটার দৈর্ঘ্যের একটি বক্স কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, কালভার্টটি সলিংয়ের উপর সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে, যা বর্ষা মৌসুমে পানি চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি সড়ককে করবে আরও টেকসই ও নিরাপদ। বিশেষ করে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী প্রায় এক হাজার কোমলমতি শিক্ষার্থীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, বর্ষাকালে পানি জমে চলাচল ব্যাহত হতো। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন বক্স কালভার্ট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমার রায়। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।