শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
বাগেরহাটের কচুয়ায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু
মোঃ জাহিদুল ইসলাম
বাগেরহাটের কচুয়া উপজেলার বাদাল ইউনিয়নের আবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আনছার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে একজন সুনামধন্য ও সাদাসিধা জীবনযাপনকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আলতাব হোসেন, সানোয়ার হোসেন ও সোহান আনছার আলী শেখের জমি জোরপূর্বক দখল করে মাটি কেটে ঘের কাটার চেষ্টা করেন। এ সময় আনছার আলী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারপিটে রূপ নেয়।
মারধরের একপর্যায়ে আনছার আলী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় এবং ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
কচুয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।