শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল হতে ঘর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্টান,অফিসপাড়া,রাস্তাঘাট,বিভিন্ন হাট বাজার সর্বত্র চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এছাড়া গাড়িতে করে মাইকে বিভিন্ন ধরনের গান-বাজনা করে প্রচারণা করছে।
প্রচার-প্রচারণায় উপজেলার প্রত্যন্ত এলাকা এখন সরগরম। গাছে গাছে,ব্যানার,ফেষ্টুনে ছেয়ে গেছে শহর থেকে গ্রামের পাড়া মহল্লা। কনকনে শীত উপেক্ষা করেই প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
দেখা গেছে, মাইকের আওয়াজে মুখরিত জনপদ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হাট-বাজারের চা-স্টলগুলোতে এখন আড্ডার প্রধান বিষয় আগামী নির্বাচনে কে হচ্ছেন এই আসনের কান্ডারি।
ত্রয়োদশ নির্বাচনে বড় একটি দল আওয়ামীলীগ না থাকায় হিসাব নিকাশ মেলানো কঠিন মনে করছেন সচেতন ভোটাররা। এ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) (ধানের শীষ),এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু (ফুটবল), এনসিপি প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী (রিকশা), জাতীয় পাটির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙল), বাসদের মো. আবুল হাসান (মই) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পরিবর্তন এবং স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং বিশেষ করে চা-শ্রমিকদের মজুরি ও ভূমির অধিকার নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ চান।এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য জেলা ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত টহল ও তদারকির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি বজায় রাখার চেষ্টা চলছে।মৌলভীবাজার-৪ আসনে প্রার্থীদের এই জমজমাট প্রচারণা জানান দিচ্ছে, আগামী নির্বাচনে এখানে একটি হাড্ডা-হাড্ডি লড়াই হতে যাচ্ছে।আগামী ১২ ফের্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখার বিষয়, শেষ পর্যন্ত কমলগঞ্জ ও শ্রীমঙ্গণের ভোটাররা কার গলায় জয়ের মালা পরিয়ে দেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক অধ্যুষিত সংসদীয় আসনটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল দুই উপজেলার দুইটি পৌরসভা ও আঠারটি ইউনিয়ন নিয়ে ২৩৮ তম সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।
তন্মধ্যে পুরুষ ভোটার-২ লাখ ৪৬ হাজার ১৯৭ জনও মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন , তৃতীয় লিঙ্গের (হিজরা) ২ জন এবং পোষ্টাল ভোটার ২ হাজার ৩১৮ জন। দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোট কেন্দ্রের ৯৩৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।