শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–১ (ডোমার-ডিমলা) আসনে ১০ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী সমাবেশ নাউতারা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “আল্লাহভীরু ও সৎ মানুষকে যদি সংসদে পাঠানো যায়, তাহলে বিগত ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আগামী পাঁচ বছরে তার চেয়েও বেশি উন্নয়ন সম্ভব।” তিনি অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বেকার ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা আমীর আবদুল হাকিম, ডোমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, খেলাফত মজলিসের নীলফামারী জেলা শাখার সভাপতি ছাদ্দাম হোসেন, ‘হ্যাঁ ভোট’-এর অ্যাম্বাসেডর রসেদ মিয়া এবং ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।
বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।