শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই তিনি নিজের জন্মস্থান বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন থেকে কার্যক্রমের সূচনা করেন।
প্রচারনার শুরুতে ফরহাদ হোসেন আজাদ বলেন, জন্মভূমি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করার পেছনে রয়েছে আবেগ, কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা। শৈশব থেকে যাদের ভালোবাসা, শাসন ও অনুপ্রেরণায় তিনি বড় হয়েছেন—সেই মানুষগুলোর দোয়া ও সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, তাঁর কাছে রাজনীতি ক্ষমতার প্রতিযোগিতা নয়; বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল অঙ্গীকার। সুখ-দুঃখ, হাসি-কান্না ও সংকটে জনগণের সঙ্গে থেকে কাজ করাই তাঁর রাজনীতির মূল দর্শন।
প্রচারনার সূচনা দিনে তিনি তাঁর পরিবার, এলাকার মুরুব্বি, তরুণ-যুবক এবং নারী সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই তাঁকে সৎ, দায়িত্বশীল ও নির্ভীকভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।
ফরহাদ হোসেন আজাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের মানুষের অধিকার, মর্যাদা ও সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। এ সময় তিনি তাঁর এই পথচলায় সকলের দোয়া, ভালোবাসা ও বিশ্বাস কামনা করেন।