শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি জোটের প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন। এতে করে এ আসনে বাংলাদেশ নাগরিক পার্টির প্রার্থী মাজেদুল ইসলাম চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক ফজলুল করীম।
মনোনয়ন প্রত্যাহারের পর তিনি সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল সংগঠন। কেন্দ্রীয় ও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে তাঁর কোনো অনুযোগ কিংবা হতাশা নেই বলেও তিনি উল্লেখ করেন। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা কাজ করবে, তাঁদের সঙ্গেই তাঁরা থাকবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর দীর্ঘ সময় ধরে মুন্সীগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়েছেন। মানুষের ভালোবাসা, সমর্থন ও সাহসে তিনি অভিভূত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে জানান। এ সময় এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের ত্যাগ ও পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক ফজলুল করীম বলেন, প্রার্থী হিসেবে যেভাবে মাঠে কাজ করেছেন, এখনো একই আন্তরিকতা নিয়ে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবেন। ইসলামী মূল্যবোধ ও মানুষের কল্যাণে দল যে ভূমিকা প্রত্যাশা করে, তিনি সেই দায়িত্বই পালন করবেন—ইনশাল্লাহ।