শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঢাকা: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসা পর্যায়ে সমন্বিত প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে গণভোটভিত্তিক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোরও পরিকল্পনা রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’তে রায়ের কোনো বিকল্প নেই।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণভোটের গুরুত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিকল্পিতভাবে প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে গণতান্ত্রিক চর্চা ও নাগরিক দায়িত্ববোধ জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই প্রচারণা শিক্ষার্থীদের মধ্যে গণভোটের বিষয়ে ইতিবাচক সাড়া তৈরি করবে এবং অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।