শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের পাড়াদুর্গাপুর গ্রামের বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজেদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণে হাত দিয়েছেন। ব্যতিক্রমী এই উদ্যোগে গ্রামের সঙ্গে আশপাশের পাড়ামহল্লা ও বাজারের সংযোগ স্থাপনে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় পাড়াদুর্গাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ এবং বলাইশিমুল ইউনিয়নের প্রশাসক সাহাদাত হোসেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আত্মনির্ভরশীল এই উদ্যোগকে এলাকাবাসী বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক মেরুকরণ ও দীর্ঘদিনের অবহেলায় বর্ডারগাতি-পাড়াদুর্গাপুর এলাকা পর্যাপ্ত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। চারদিকে পানি বেষ্টিত এই জনপদ বছরের একটি সময়ে মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগে পড়তেন গ্রামবাসী।
এই সংকট নিরসনে গ্রামের কৃতি সন্তান ও বলাইশিমুল মাঠরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে গ্রামবাসীর চাঁদায় প্রায় ৫ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে।
প্রকল্পের আওতায় ৪ নম্বর ওয়ার্ডভুক্ত পাড়াদুর্গাপুর গ্রামের এই সড়কটি রাজিবপুর–তেলিগাতী সড়কের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি রাস্তায় ১১টি রিং কালভার্ট এবং ২টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আয়োজকেরা জানান, সড়কটি নির্মিত হলে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে হাওরাঞ্চলের কৃষিপণ্য পরিবহন সহজ হবে, রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পাবেন এবং শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ ও নির্বিঘ্ন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ এখলাছ উদ্দিন, আব্দুস সোবাহান, আব্দুর রহমান, মমিনুল হক, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইঞ্জিল মিয়া, আব্দুল আজিজ, মজনু মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয়—এটি আত্মনির্ভরশীল উন্নয়নের অনন্য দৃষ্টান্ত, যা অন্য গ্রামগুলোকেও অনুপ্রাণিত করবে।