শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বেসিক ট্রেনিং ইনস্টিটিউটের অবহেলায় মিডিয়া কাভারেজ ব্যাহত, পন্ড হয়ে গেল ‘বিসিক পৌষ মেলা ২০২৬’-এর উদ্বোধনী আয়োজন
নিজস্ব প্রতিবেদক :
সরকারি নির্দেশনা ও লিখিত আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অধীন বেসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে ‘বিসিক পৌষমেলা ২০২৬’-এর গুরুত্বপূর্ণ উদ্বোধনী আয়োজন কার্যত পন্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মেলার মিডিয়া কাভারেজ নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যমকর্মী, রিপোর্টার ও ক্যামেরাপারসনদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হয়। সেই অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হলেও বেসিক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের অবহেলা, সমন্বয়হীনতা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে অনুষ্ঠানটি সঠিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে প্রবেশ, বসার ব্যবস্থা, মিডিয়া কর্নার কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না। ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি মেলার উদ্বোধনী আয়োজন কাভার করতে এসে তারা চরম বিড়ম্বনার শিকার হন। একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠান কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক জানান, “সরকারি আমন্ত্রণে এসেও এমন অবহেলা ও অপেশাদার আচরণ অত্যন্ত দুঃখজনক। এটি শুধু সাংবাদিকদের প্রতি অবমাননা নয়, বরং একটি রাষ্ট্রীয় আয়োজনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।”
এদিকে, এ ঘটনায় বেসিক ট্রেনিং ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—যেখানে আগেই সব প্রস্তুতি ও সমন্বয় থাকার কথা, সেখানে এমন চরম ব্যর্থতার দায় কে নেবে?
সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও একই ধরনের অচলাবস্থা তৈরি হবে।