শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
বেদুইন ও সাহাবী
শের ই গুল
মাদায়েনের বাজারে এক বেদুঈন এল। বাজারে প্রচণ্ড ভিড় ছিল। লোকটি তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। এরপর সে তার ভারী মালামাল বহন করার জন্য একজন কুলি খুঁজতে লাগল।
বাজারের এক কোণে খুব সাধারণ পোশাকে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি ভাবল, ইনি হয়তো কোনো গরিব কুলি। সে তাকে ডেকে বলল: “আল্লাহ তোমার ওপর রহম করুন, আমার এই বোঝাটা একটু বহন করে দাও।”
লোকটি কোনো কথা না বলে এগিয়ে এলেন এবং বোঝাটি নিজের কাঁধে তুলে নিলেন। এরপর তিনি শান্তভাবে ওই বেদুঈনের পাশে হাঁটতে শুরু করলেন।
তারা যখন হাঁটছিলেন, তখন কিছু লোক তাদের পাশ দিয়ে গেল এবং ওই ‘কুলি’ ব্যক্তিকে দেখে সালাম দিল: “আসসালামু আলাইকুম, ইয়া আবা আব্দুল্লাহ!”
সালামের মধ্যে এমন শ্রদ্ধা ছিল যা সাধারণত কোনো কুলির প্রতি থাকে না। বেদুঈন কিছুটা অবাক হলো।
একটু পর আরও কিছু লোক এল এবং তারা আরও বেশি সম্মান ও ভক্তি নিয়ে সালাম দিল। এবার বেদুঈন আর থাকতে পারল না। সে জিজ্ঞেস করল: “আল্লাহ আপনার ওপর রহম করুন, আপনি আসলে কে?”
লোকটি বিনয়ের সাথে ছোট উত্তর দিলেন: “আমি আল্লাহর একজন বান্দা।”
বেদুঈন সন্তুষ্ট হলো না। তৃতীয় আরেক দল লোক সালাম দেওয়ার পর সে একজনকে ধরে জিজ্ঞেস করল: “ইনি কে?”
লোকটি অবাক হয়ে বলল: “তুমি তাকে চেনো না? ইনি হলেন আবু আব্দুল্লাহ সালমান ফারসি, রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবি এবং মাদায়েনের গভর্নর (আমির)!”
বেদুঈন এ কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলো। তার পা কাঁপতে লাগল। সে আমতা আমতা করে সালমান (রা.)-কে বলল: “আল্লাহ আপনাকে মাফ করুন! আমি আপনাকে চিনতে পারিনি… দয়া করে আমার জিনিসপত্র আমাকে দিন, আমিই বইব।”
কিন্তু সালমান ফারসি (রা.) মাথা নেড়ে বললেন:
“না, আল্লাহর কসম! আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত এই বোঝা নামাব না।”
(সূত্র: তাবাকাতে ইবনে সাদ, তারিখু দিমাশক)
হযরত সালমান ফারসী (রা.) ছিলেন একটি বিশাল প্রদেশের (মাদায়েনের) গভর্নর। কিন্তু তিনি নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা বা বড় মনে করতেন না, বরং নিজেকে জনগণের সেবক মনে করতেন। আর বর্তমান নেতাদের কী অবস্থা?