
মাদরাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে নীলফামারীর ডিমলা উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা বজলার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, যিনি একই সঙ্গে মাদরাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কাজী মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসা বরাবরই মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে আসছে। মাসিক ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি প্রভাষক আবু রায়হান।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ, যা একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।