শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১৫টি ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সালেহ আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সিসিটিভি স্থাপন ও সময়ের পরিবর্তন
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহম্মেদ বলেন, “নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল থাকা বাধ্যতামূলক। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না, তা প্রশাসনকে জানাতে হবে।” তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় পরিবর্তন করা হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭:৩০ মিনিটে এবং চলবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত। কেন্দ্র পরিচালনার সুবিধার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী বা স্থানীয় চৌকিদারদের সীমানা পাহারায় ব্যবহারের অনুমতি প্রদান করেন তিনি।
নিরাপত্তা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ
সভায় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সিদ্দিকুর রহমান এক উদ্বেজনক তথ্য তুলে ধরেন। তিনি জানান, উপজেলার ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রেই বর্তমানে সিসিটিভি ব্যবস্থা নেই, যার মধ্যে ৪১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাদের সিসিটিভি নেই, তাদের আগামী ৭ দিনের মধ্যে তা স্থাপনের কঠোর নির্দেশ দেন।
বাউফল প্রেস ক্লাবের সভাপতি জনাব মো. জলিল আহমেদ তার বক্তব্যে বলেন, ভৌগোলিক ও বিভিন্ন কারণে উপজেলার প্রায় সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া অনেক কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম।” সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
প্রশাসনিক সমন্বয়
উপজেলায় নতুন যোগদান করা বাউফল উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বলেন, আমি এই এলাকায় নতুন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রের সমস্যাগুলো আমাকে দ্রুত জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।
মতবিনিময় সভায় বাউফল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।