যশোরের কেশবপুরে চার্জে থাকা ব্যাটারিচালিত ভ্যানের বৈদ্যুতিক সংযোগস্থলে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাজিম উদ্দীন বাড়ির বৈদ্যুতিক সংযোগ থেকে তার ব্যাটারিচালিত ভ্যানটি চার্জে দিয়েছিলেন। সকালে শিশু হাসিবুল বাড়ির উঠানে থাকা ভ্যানটির কাছে যায়। একপর্যায়ে ভ্যানের চার্জারের সংযোগস্থলে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
শিশুটিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান বিশ্বাসও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসিবুলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া দেখা দিয়েছে।