দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার চিফ রিপোর্টার, সাবেক বিডিআর সদস্য মরহুম রবিউল আলম রাজুর মৃত্যুর এক মাস পূর্ণ হলো আজ। গত ১৬ জুলাই ২০২৬ তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে এখনো শোকাহত পত্রিকার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য পাঠক।
রবিউল আলম রাজু শুধু একজন সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন দৈনিক আমার প্রানের বাংলাদেশ পরিবারের এক প্রাণপুরুষ। নির্ভীক সাংবাদিকতা, সত্যের পক্ষে আপসহীন অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় কলম তাঁকে সবার কাছে আলাদা পরিচয় এনে দিয়েছিল।
সহকর্মীদের ভাষায়, রাজুর কলমের আঘাত ছিল অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ। তিনি ছিলেন সাহসী, স্পষ্টভাষী ও আপসহীন একজন মানুষ। উত্তরার সাংবাদিক অঙ্গনে তাঁর উপস্থিতি ছিল অনন্য, আর তাঁর কর্মনিষ্ঠা আজও অনেকের জন্য অনুপ্রেরণা।
তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আজ নেই, কিন্তু তাঁর কর্ম, আদর্শ ও সাহসী সাংবাদিকতার স্মৃতি বেঁচে থাকবে অসংখ্য মানুষের হৃদয়ে।
দৈনিক আমার প্রানের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুম রবিউল আলম রাজুর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন। আমিন।